কয়রা (খুলনা) সংবাদদাতা
খুলনার কয়রা উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতি ওই এলাকার বাসিন্দা মুকুল সানার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
উত্তর বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. আবু হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রামীণ এলাকায় বাড়ির আশপাশে থাকা পুকুর ও অন্যান্য জলাশয়ের কারণে অসাবধানতাবশত পাঁচ বছরের কম বয়সী শিশুরা প্রায়ই পানিতে ডুবে দুর্ঘটনার শিকার হচ্ছে।



