দেবিদ্বারে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে হাতাহাতি

উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
দেবিদ্বার বিএনপি ও এনসিপি
দেবিদ্বার বিএনপি ও এনসিপি |নয়া দিগন্ত

কুমিল্লা-৪ আসনে শাপলাকলি ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণের পর এ আসনে বিএনপির মনোনয়ন হারানো সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী সেখানে উপস্থিত হলে মঞ্জুর সমর্থকরা ট্রাক প্রতীকের পক্ষে স্লোগান দিতে শুরু করেন। এ সময় বক্রিকান্দি এলাকার এনসিপি নেতা-কর্মীরা শাপলা কলির পক্ষে পাল্টা স্লোগান দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি ঘটনা ঘটে। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা শুরু হয়। পরে উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীসহ বিএনপির একাধিক নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো: জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘শুনেছি দু’পক্ষের মধ্যে স্লোগান দেয়া নিয়ে উত্তেজনা হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনা কেউ আহত হয়নি।’

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় পূর্ব ঘোষিত দোয়া মাহফিল ও আলোচনা সভা ছিল। অনুষ্ঠান শেষে সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী সেখানে উপস্থিত হলে তার নেতা-কর্মীরা ট্রাক প্রতীকের পক্ষে স্লোগান দেন। পরে এনসিপির কয়েকজন নেতা সেখানে ‘ঋণখেলাপীর আস্তানা দেবিদ্বারে রাখবো না’ ও শাপলা কলির পক্ষে স্লোগান দিতে থাকেন। এতে কিছুটা হাতাহাতি হয়, এছাড়া বড় কিছু ঘটেনি।’

থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘হাতাহাতির ঘটনা ঘটেছে শুনেছি, তবে কেউ আহত হয়নি, দু’পক্ষের মধ্যে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।