ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাতের খবরে কিশোরগঞ্জে রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ হাজার হাজার মানুষ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শোক ও বিক্ষোভ মিছিল থেকে মানুষের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে।
বাদ জুমা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে কিশোর কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে থাকবে। তার আত্মত্যাগ ও সংগ্রাম জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরো বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় আপসহীন আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় বিক্ষুব্ধ জনতা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন আধিপত্যবাদী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।



