নরসিংদীর মাধবদীতে ৪৭০ ক্যান বিদেশী বিয়ারসহ মো: আবু তাহের (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) রাতে মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের আখালিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু তাহের আখালিয়া গ্রামের ফজলুল হক ফজলের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) ওমর কাইউম ও উপপরিদর্শক (এসআই) ইউসুফ আহমেদসহ পুলিশের একটি দল মাধবদী থানার আখালিয়া দক্ষিণপাড়া এলাকার রুস্তম আলীর বসতঘরে অভিযান চালিয়ে মাদককারবারি আবু তাহেরকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ৪৭০ ক্যান বিদেশী বিয়ারের একটি চালান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আবু তাহের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক আরো দুই আসামির নাম জামাল ও নূর মোহাম্মদ বলে স্বীকার করেছেন।
এলাকাবাসী জানান, তারা দীর্ঘদিন ধরে এ কাজের সাথে জড়িত।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি কামাল হোসেন।



