পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, আমি একটি দলের হয়ে নির্বাচিত হলেও এখন আমি সকলের এমপি। এখন আমার কাছে দলমত নির্বিশেষে সবাই সমান। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই। এমপি হিসাবে আমি যা বরাদ্দ পাব সবাই তার সমান সুযোগ পাবে। কাউকে কাছের আবার কাউকে দূরের এটা আমি মনে করি না। এলাকার উন্নয়নে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।
সোমবার সকালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত দীর্ঘদিনের মিত্র। আমরা সবাই একত্রে ছিলাম। নির্বাচন আলাদাভাবে করলেও এখন আবার আমরা এক হয়ে এলাকার উন্নয়নে কাজ করব।
বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, এলাকায় কোনো সমস্যার সৃষ্টি হলে আপনারা আমাকে জানাবেন। আমার দলের কেউ কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, ২০০১ সালে আল্লামা সাঈদী সর্বশেষ জিয়ানগর উপজেলা থেকে এমপি হয়েছিলেন। এরপর আর জিয়ানগরে উন্নয়ন হয়নি। ২৫ বছর পর আবার আমি আপনাদের জিয়ানগর উপজেলা থেকে এমপি নির্বাচিত হয়েছি। আমি অবহেলিত এই এলাকার উন্নয়ন করতে চাই। আপনারা আমার সাথে থাকুন। এলাকার উন্নয়নে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও কথা বলব।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মো: অলিউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামীম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো: ফরিদ হোসেন, জামায়াত ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, গণ অধিকার পরিষদ সভাপতি মো: আলাউদ্দিন , এনসিপির সভাপতি নাজমুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি খান মো: নাসির উদ্দিন। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।


