উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজার সভাপতিত্বে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জুলাই আন্দোলনের আহত যোদ্ধা নাজির উদ্দিন সাব্বির, শহীদ মিজানুরের বাবা কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন খান, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান টুলু এবং উজিরপুর প্রেসক্লাবের সদস্যসচিব সরদার সোহেল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে, সকালে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামে জুলাই আন্দোলনের শহীদ মিজানুরের কবরে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও আলী সুজা ও শহীদ সাইদুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেন উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম।



