‘বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে’ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কৃষক খাদেমুল ইসলামের বাড়িতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘তাদের দল ক্ষমতায় গেলে সীমান্তে নিহত বাংলাদেশীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে এবং তাদের পরিবারের জন্য পুনর্বাসন ও আবাসন সুবিধা নিশ্চিত করা হবে।’
তিনি দাবি করেন, ভারতের অভ্যন্তরীণ নাগরিকত্ব ইস্যু ঘিরে নতুন করে মানবিক সঙ্কট তৈরি হতে পারে, যা সীমান্তবর্তী এলাকায় প্রভাব ফেলতে পারে। এ কারণে সীমান্তবাসীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার, বিজিবির টহল বৃদ্ধি এবং বাহিনীর বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান তিনি।
নিহত খাদেমুল ইসলামের বাবা আমজাদ হোসেন জানান, তার ছেলে সেদিন সীমান্তে মাছ ধরতে গিয়েছিলেন।
তিনি বলেন, ‘খাদেমুল সম্পূর্ণ নিরস্ত্র ও স্বাভাবিক অবস্থায় ছিলেন, এরপরও তাকে গুলি করে হত্যা করা হয়েছে।’
এর আগে, নিহত খাদেমুলের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন নাসিরুদ্দিন পাটোয়ারী।
এ সময় দলের কেন্দ্রীয় নেতা রাসেল আহমেদ, রংপুর মহানগরের আহ্বায়ক আল মামুনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমজল সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক খাদেমুল ইসলাম নিহত হন।



