চট্টগ্রামের আনোয়ারার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুল আলম।
তিনি বলেন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে আনোয়ারার মানুষের জীবনমান আরও উন্নত করা সম্ভব। এজন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
খোরশেদুল আলম বলেন, আনোয়ারা একটি সম্ভাবনাময় উপজেলা। শিল্প, বাণিজ্য, কৃষি, মৎস্য ও পর্যটনসহ বিভিন্ন খাতে এ উপজেলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে হলে উন্নত যোগাযোগব্যবস্থা, আধুনিক অবকাঠামো এবং জনবান্ধব উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হলে প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সাথে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, আনোয়ারার তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সময়ের অন্যতম দাবি। স্থানীয় শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি যুবকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। এতে বেকারত্ব কমার পাশাপাশি স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে।
শিক্ষার প্রসঙ্গে খোরশেদুল আলম বলেন, একটি এলাকার টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি হচ্ছে মানসম্মত শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষার সুযোগ বাড়াতে হবে। যোগ্য ও দক্ষ প্রজন্ম গড়ে উঠলে আনোয়ারার উন্নয়ন আরও গতিশীল হবে।
স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ যাতে সহজে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়ানোর পাশাপাশি চিকিৎসকদের সেবার পরিবেশও উন্নত করা প্রয়োজন।
তিনি আরো বলেন, উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের একক বিষয় নয়। জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
খোরশেদুল আলম আশা প্রকাশ করে বলেন, সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহি ও সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আনোয়ারাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
মতবিনিময়কালে আনোয়ারা উপজেলা বিএনপি নেতা ডা. এস এম এহসানুল হক বাবর, মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



