চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুড়ি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের বয়স ৩০ থেকে ৩৫ হবে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে কালো রঙের সেলোয়ার কামিজ ছিল।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



