ঢাকার আশুলিয়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিয়াম নামে এক ফার্মেসি ব্যবসায়ীর বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (১৭ জুন) দুপুরে আশুলিয়ার কুমকুমারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শিশুটি পেটের ব্যথার ওষুধের জন্য ওই ফার্মেসিতে গেলে ফার্মেসি ব্যবসায়ী সিয়াম তাকে কৌশলে ফার্মেসির ভেতরে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করে।
বিষয়টি ওই শিশু সবাইকে জানালে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনা শুনেছি এবং পুলিশ সেখান থেকে অভিযুক্ত সিয়ামকে আটক করে থানায় নিয়ে এসেছে। পরে গণধোলাইয়ে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


