নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার বিরোধের জেরে জুয়েল (৩৮) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) গভীর রাতে ১৯ নম্বর ওয়ার্ড বন্দরের শান্তিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২০ মে) পুলিশ তাদের আদালতে পাঠায়।
গ্রেফতার দু’জন হলেন— ১৯ নম্বর ওয়ার্ড বন্দরের মদনগঞ্জ শান্তিনগর এলাকার মরহুম রফিক মিয়ার ছেলে আশিক (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে আকাশ (২৩)।
অন্যদিকে নিহত জুয়েল ১৯ নম্বর ওয়ার্ড শান্তিনগর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে জুয়েলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে শান্তিনগর এলাকাতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, হত্যাকাণ্ডটি এলাকায় প্রভাব বিস্তার ও মাদক সংক্রান্ত বিরোধের কারণে ঘটেছে। ঘটনার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে আশিক ও আকাশ নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত বাকি অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



