টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে সওদাগর গ্রুপের সাথে মন্ডল গ্রুপ ও সিদকার গ্রুপের বিরোধ চলছে। এবার ঈদুল ফিতরের নামাজ তারা আলাদাভাবে আদায় করেন।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Kalihati
নিহত নাঈম ইসলাম
নিহত নাঈম ইসলাম |নয়া দিগন্ত

টাঙ্গাইলের কালিহাতীতে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দু’ পক্ষের সংঘর্ষে নাঈম ইসলাম নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত পাঁচজন।

বুধবার (২৫ মার্চ) সকালে কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দু’টি বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়।

নিহত নাঈম ইসলাম রামদেবপুর গ্রামের ওসমান গনির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে সওদাগর গ্রুপের সাথে মন্ডল গ্রুপ ও সিদকার গ্রুপের বিরোধ চলছে। এবার ঈদুল ফিতরের নামাজ তারা আলাদাভাবে আদায় করেন। এর আগে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তাদের মধ্যে পুনরায় সংঘর্ষ হয়। এই বিরোধের জেরে বুধবার সকালেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাঈমসহ অন্তত ছয়জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় নাঈমসহ দু’জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সওদাগর গ্রুপের নাঈমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, কবরস্থানের জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’ পক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।