মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নে ট্রাকের চাপায় মিজানুর রহমান (৩২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে ইউনিয়নের হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের পিপুলিয়া সততা ব্রিকস বা স্বাধীন ব্রিকস (ইটভাটা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনজিওকর্মী মিজানুর রহমান শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের টেপরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় দোকানদার মহিদ মোল্লা বলেন, ট্রাকচালক ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দেয়।
ট্রাকচালকের নাম ফারুক প্রামানিক (৩৩)। তিনি কুষ্টিয়া জেলার জয়নগর এলাকার জয়নুল প্রামানিকের ছেলে বলে জানা গেছে।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, দ্রুতগতির একটি ট্রাক ঝিটকাগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মিজানুর রহমান সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, চালককে আটক ও ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



