ফেনী অফিস ও ফুলগাজী সংবাদদাতা
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফরে এসে সাত হাজারের বেশি কৃষক কার্ড বিতরণ করবেন জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার সকাল সাড়ে ১১টায় ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে তিনি এ তথ্য।
মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘এ মাঠে সাত হাজারের বেশি কৃষক কার্ড বিতরণ করা হবে। সারা বাংলাদেশে ১ লাখ ১০ হাজার বিতরণ করা হবে। দেশের প্রত্যেকটা উপজেলায়, ইউনিয়নে আমরা বিতরণ করবো। সারাদেশে ২ কোটির বেশি কৃষক আছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সবার মাঝে কৃষক কার্ড পৌঁছে দিবো।’
তিনি আরো বলেন, ‘আমাদের নির্দিষ্ট পরিমাণ সার রিজার্ভ থাকে। সারা বছরের চাহিদা অনুযায়ী প্রত্যেক মাসে সার জাহাজে এসে থাকে। ওইভাবে আমরা আমদানি করে থাকি। কোনো কোনো মাসে হয়তো কিছু কম থাকে, আবার কোনো মাসে চারগুণ বেশি থাকে। এখন এ মুহূর্তে সারের কোনো সঙ্কট নেই। একেবারে স্পষ্টভাবে বলছি, সারের কোনো সঙ্কট নেই। যদি কেউ সঙ্কট বলে তাহলে মানুষের ধানের গোলার ভিতরে সার এলো কই থেকে। হ্যাঁ, সার থাকার কথা ডিলারের ওখানে, কিন্তু সার পাওয়া যাচ্ছে অন্য গোডাউনে, যেখানে সার থাকার কথা নয়। আমাদের দেশে কিছু দুষ্ট লোক আছে। এদের কারণে দেশ, জাতি ও সমাজ ক্ষতিগ্রস্থ হয়।’
এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ইয়াসীন, কৃষি অধিদফতরের মহা-পরিচালক মো: আব্দুর রহিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হামিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক বেলাল হোসেন, সদস্য আবু তালেব, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল গোলাপ উপস্থিত ছিলেন।
দুপুরে ফেনী সার্কিট হাউসে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ফেনী জেলার কর্মকর্তাদের সাথে মন্ত্রীর মতবিনিময় করার কথা রয়েছে।


