বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘যারা ক্ষমতায় গেলেন তারা জুলাই আন্দোলনের কথা ভুলে গেছেন।’
তিনি আরো বলেন, ‘জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটের যে জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে তাতে আগামীর সকল স্থানীয় নির্বাচনে ১১ দলীয় জোট অংশ নেবে।’
রোববার (৮ মার্চ) নগরীর এ কে স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘এই জুলাই আন্দোলনে ছাত্র-জনতা যে ইনসাফ চেয়েছিলেন, সেই ইনসাফের কথা কোরআনে উল্লেখ রয়েছে। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এই কোরআনই হলো আল্লাহর আইন।’
তিনি আরো বলেন, ‘অন্তরে কোরআনের ভয় না থাকলে রাষ্ট্র ও সমাজ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাকওয়া অনুযায়ী যদি ওসি, ডিসি, এসপি ও আমলারা রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে রাষ্ট্রে শান্তি ফিরে আসবে। জান্নাত-জাহান্নামের মালিক দেখছেন আমি-আপনি কি তাকওয়া অনুযায়ী চলছি?’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
তিনি বলেন, ‘সারাদেশে জামায়াতের জাগরণ সৃষ্টি হয়েছিল। মানুষ ভোটও দিয়েছিল। কিন্তু সেই ভোট কেড়ে নেয়া হয়েছে। কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে দেয়া হয়েছে, যে বিষয়টি কিছুদিন আগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও সহকারী সেক্রেটারি হাফেজ মুহাম্মদ আতিকুল্লাহ।



