জসীম উদ্দীন

‘আমি নিজে অপকর্ম করব না, কাউকে করতে দেবো না’

‘উঠতি বয়সের অনেক যুবক মাদকের সাথে জড়িয়ে পড়ছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ‘জিরো টলারেন্স’ নীতিতে তা নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন |নয়া দিগন্ত

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন বলেছেন, ‘আমি নিজে অপকর্ম করব না, কাউকে অপকর্ম করতে দেবো না। সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করব।’

তিনি বলেন, ‘অতীতে কী হয়েছে তা জানতে চাই না; বরং আগামী দিনগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’ প্রশাসনের সব স্তরে সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২ মার্চ) কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের সাথে নবাগত সংসদ সদস্যের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি উদ্দীন বলেন, ‘উঠতি বয়সের অনেক যুবক মাদকের সাথে জড়িয়ে পড়ছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ‘জিরো টলারেন্স’ নীতিতে তা নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

সভায় তিনি শিক্ষাখাতকে আরো শক্তিশালী করা এবং সেবার মান বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মালেকুল আফতাব ভূঁইয়া, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লুৎফুর রহমান, উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, সাব-রেজিস্ট্রার মো: মীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্ত রুদ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: হুমায়ুন কবীর, সমবায় কর্মকর্তা মো: মীর হোসেন, পল্লী বিদ্যুৎ ডিজিএম মো: দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: রাসেল সারওয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কবীর আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়াসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়াও বুড়িচং উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু উপস্থিত ছিলেন।