মাদারীপুরে নির্বাচনী পরিবেশ পরিদর্শনে ইইউ প্রতিনিধিরা

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন উপজেলা পরিদর্শন করেন তারা। এ সময় ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তা, নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেন তারা।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা |নয়া দিগন্ত

মাদারীপুরে নির্বাচনী পরিবেশ পরিদর্শন করছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন উপজেলা পরিদর্শন করেন তারা। এ সময় ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তা, নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেন তারা।

পরিদর্শনকালে বিভিন্ন কেন্দ্র ও ভোটারদের খোঁজখবর নেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। বর্তমান পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।

এ সময় প্রিজাইডিং কর্মকর্তা, নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তারা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ইউরোপীয় ইউনিয়নের লং টার্ম অবজারভার ও সদস্য ইভা মোল্ট ও লার্স জিরং ফরডাল বলেন, মাদারীপুরের তিনটি আসন পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো আছে। আমরা এই টিমের দুই সদস্য একমাস ধরে মাদারীপুরে বিভিন্ন প্রান্ত ঘুরছি। নির্বাচন শেষে ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক রিপোর্ট ও পরবর্তীতে দুই মাস পর পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করা হবে।

প্রসঙ্গত, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে প্রার্থী ২৫ জন। জেলার ৩৮১ ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টিই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বাকি ১৫৭টি ভোটকেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯৫ হাজার ৩০৮, নারী ভোটার পাঁচ লাখ ৫৩ হাজার সাত এবং হিজড়া (তৃতীয় ‍লিঙ্গ) ভোটার ১২ জন।

তথ্যমতে, প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, তিনজন অস্ত্রধারী ও ১০ জন লাঠিধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া সাধারণ ভোটকেন্দ্রে দু’জন করে অস্ত্রধারী পুলিশ, দু’জন অস্ত্রধারী ও ১১ জন লাঠিধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। জেলায় প্রায় ৬০০ সেনাবাহিনী টহল ও নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছেন। প্রতিটি উপজেলায় ১০০ জন করে সেনাবাহিনীর সদস্য থাকবেন নির্বাচনী মাঠে। এরমধ্যে সদর উপজেলায় থাকবেন ২০০ সেনা সদস্য। এছাড়া ৬ প্লাটুন বিজিবি ও অর্ধশত র‌্যাব সদস্যও দায়িত্ব পালন করবেন। ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে মাদারীপুর-১ আসনে সাতজন, মাদারীপুর-২ আসনে সাতজন ও মাদারীপুর-৩ আসনে ১০ জন দায়িত্ব পালন করবেন। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবেন এই দায়িত্ব পালনে।