বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বোলপুর এলাকায় মিঠু শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মিঠু শেখ ওই এলাকার ওয়াহেদ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) সন্ধ্যায় একদল সন্ত্রাসী মিঠু শেখের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা তার ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে গেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে তৎপর রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’



