মানিকগঞ্জ প্রতিনিধি
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের জনরায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।
বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ডাকঘরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। তাই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের ফলাফলের প্রতিফলন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টি দ্রুত নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরো বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বিলম্ব হলে জনমনে অসন্তোষ সৃষ্টি হতে পারে। রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, পৌর আমির হুমায়ূন কবির, সদর থানা আমির ফজলুল হক এবং এবি পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনীসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।



