টাঙ্গাইলের সখীপুরের বড়চওনা গ্রামে শংকর শাহা নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে দু’টি ঘর এবং ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে।
রোববার (৩০ মার্চ) শংকর শাহা নয়া দিগন্তকে জানান, এই হামলার পেছনে স্থানীয় আওয়ামী লীগ ও কৃষক-শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে।
এর আগে শনিবার (২৯ মার্চ) বিকেলে শংকর শাহার ফেসবুক আইডি থেকে মুসলমানদের বিষয়ে একটি আপত্তিকর মন্তব্য করা হয়। মুহূর্তেই ওই মন্তব্যের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হন।
তবে, অভিযুক্ত শংকর শাহা জানান, তার ফেসবুক আইডি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ হ্যাক করে ওই মন্তব্য করেছে। শনিবার বিকেলেই তিনি সখীপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান।
শংকর শাহা জানান, তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত। পরিস্থিতির সুযোগ নিয়ে তাকে কেন্দ্রকরে ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে একটি পক্ষ। হামলায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ওই ঘটনার পর রোববার দুইপক্ষই সখীপুর থানায় মামলা করেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সবুজ নামে স্থানীয় এক ব্যক্তি মামলা করেছেন। ওই মামলায় শংকর শাহাকে আসামি করা হয়েছে।
এরপর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে শংকর শাহার স্ত্রী শিউলি রানী অজ্ঞাতনামা এক থেকে দেড়শ ব্যক্তিকে আসামি করে পাল্টা মামলা করেন।



