ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে দেশের ২য় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর দিয়ে আটদিন সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী সোমবার ২৫ মে থেকে ১লা জুন পর্যন্ত বাংলাদেশ, ভারত ও ভুটান এর সাথে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এসময় বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয়দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ত্রিদেশীয় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধের বিষয়ে নোটিশ জারি করে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা আমদানি-রফতানিকারক সমিতি, চ্যাংড়াবান্ধা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথ সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখার একটি চিঠি এরই মধ্যে উভয়দেশের স্থলশুল্ক স্টেশন (কাস্টমস), বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, বুড়িমারী স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ও ভুটান আমদানি-রফতানি অ্যাসোসিয়েশনকে দেয়া হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, ‘মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট আটদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে যথারীতি কার্যক্রম স্বাভাবিক হবে।’
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, ‘বন্দরে ঈদুল আজহা উপলক্ষে আমদানি-রফতানি আটদিন বন্ধ থাকলেও বৈধ পাসপোর্ট ধারী যাত্রী পরিসেবা স্বাভাবিক থাকবে।’
বুড়িমারী স্থলশুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, ‘দেশের আমদানি-রফতানি নিরবিচ্ছিন্নভাবে রাখার অভিপ্রায়ে জাতীয় রাজস্ব বোর্ড ২৫-৩১ মে (ঈদের দিন) ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সব কাস্টমস হাউজ ও স্থলশুল্ক স্টেশন (কাস্টমস) সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী বুড়িমারী বন্দর ও শুল্ক স্টেশনের (কাস্টমস) কিছু অভ্যন্তরীণ দাফতরিক কাজ সীমিত পরিসরে চলমান থাকবে। তবে আগামী ২ জুন সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু করা হবে।



