বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কুমিল্লায় র্যালি, আলোচনা সভা, বিনামূল্যে হেপাটাইটিস-বি পরীক্ষা এবং স্বল্পমূল্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় জানানো হয়েছে, বাংলাদেশের প্রায় ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নগরীর ঝাউতলা এলাকায় কুমিল্লা লিভার ক্লাব প্রাঙ্গণে কুমিল্লা লিভার ক্লাব ও রোটারি ক্লাব অব লালমাইয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা: আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী দিলনাশি মোহসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন রোটারিয়ান জাকির হোসেন, কুমিল্লা লিভার ক্লাবের উপদেষ্টা শাহজাহান সাজু, সহ-সভাপতি প্রকৌশলী মো: গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক ডা: ফরহাদ আবেদীন, ট্রেজারার আবদুল হালিম মোল্লা, নির্বাহী সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, মনিরুল ইসলাম সরকার, জাহিদুল ইসলাম ও সামসুজ্জামান মানিক।
প্রধান অতিথির বক্তব্যে ডা: আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, হেপাটাইটিস-বি একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রমণ, যা লিভারকে আক্রমণ করে এবং পরবর্তী সময়ে লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সারের কারণ হতে পারে।
তিনি জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। এদের মধ্যে প্রায় অর্ধেকের লিভারে দীর্ঘমেয়াদি প্রদাহ বা নন-অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস (ন্যাশ) রয়েছে, যা ভবিষ্যতে লিভার সিরোসিস বা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
তিনি আরো বলেন, হেপাটাইটিস-বি প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণ। পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনযাপন, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা লিভারের বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে হেপাটাইটিস-বি পরীক্ষা করা হয় এবং আগ্রহীদের স্বল্পমূল্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিন দেয়া হয়।



