পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ্ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহ আলমের ছেলে মো: সাগর বলেন, ‘বাবা ইফতার পার্টির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ডিপ্লোমা ইনস্টিটিউটে গেলে স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে পড়লে জনতা রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘বাবাকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।



