ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালের ইউনাইটেড বাস কাউন্টারে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহনসহ সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও বিকেল ৪টা থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সকল রুটে (শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গ ও সিলেট অঞ্চল) বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। তবে কারা বন্ধ করেছে, কেন করেছে, এব্যাপারে মালিক-শ্রমিক কেউ কথা বলছে না।
মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে জানা যায়, দুপুরের দিকে বেশকিছু মোটরসাইকেলযোগে অর্ধশতাধিক যুবক হঠাৎ ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালিয়ে কাউন্টার বন্ধ করে দেয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় আতঙ্ক ছড়িয়ে পরে বাসস্ট্যান্ড এলাকায়।
এ ব্যাপারে জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, জেলা মোটর মালিক সমিতির নেতাদের সাথে কথা হয়েছে। তারা বাস বন্ধের বিষয়টি ঢাকা মহাখালী মালিক সমিতির সিদ্ধান্ত বলে জানিয়েছে।
তিনি জানান, রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে জেলা মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নেতারা থাকবেন। আমরা দ্রুত বাস চলাচলের ব্যবস্থা করব।
‘যেকোনো দ্বন্দ্বের কারণে সাধারণ জনগণ বা যাত্রীরা কেন ভোগান্তিতে পড়বে,’ বলেন তিনি।
সূত্র : ইউএনবি



