রায়গঞ্জ, সিরাজগঞ্জ, সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জে নাঈম হোসেন (২৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাঈম উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিলের পাশে লাশ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
খবর পেয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম খান এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আহসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা আশপাশের এলাকা ঘিরে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেন।
পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। কিন্তু রাত গভীর হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকালে তার লাশ উদ্ধারের খবর পান তারা।
পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।
তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



