ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে বিদায়ী পোস্ট দেয়ার একদিন পর খাল থেকে সাব্বির আহমেদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বিত্তাগুন খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সাব্বির আহাম্মেদ উপজেলার বাঁশিল গ্রামের সুলতান আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বিত্তাগুন খাল থেকে সাব্বিরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে বৃহস্পতিবার সাব্বির তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিদায়ী বার্তা পোস্ট করেন বলে জানা গেছে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে তার লাশ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাব্বির আহাম্মেদের মা-বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় চৌদ্দ বছর আগে। তারপর থেকে সে তার খালার কাছে লালিত পালিত হয়।
লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইমন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



