মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে হোসাইন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় অভিযুক্ত আরিয়ান ওরফে মাহিমকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে অভিযুক্তের তথ্যের ভিত্তিতে উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকারবাড়ি কাছের একটি জঙ্গল থেকে নিখোঁজের দু’দিন পর ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
নিহত হোসাইন টঙ্গীবাড়ি উপজেলার ডুলিহাটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে খেলাধুলা করতে শিশু হোসাইন বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে প্রতিবেশী আরিয়ান ওরফে মাহিমের সাথে বিকেলে বাইসাইকেলে তাকে ঘুরতে দেখা গেছে বলে স্বজনরা জানতে পারে।
সেই সূত্র ধরে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, হোসাইনকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে সে। হত্যার পরে লাশ ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকার বাড়ির কাছে জঙ্গলে ফেলে রেখেছে। নিহতের পরিবার পুলিশকে খবর দিলে পরে পুলিশ অভিযুক্ত আরিয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার দেখানো জায়গা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।



