ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে রাহাত বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার দুপুরে শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়কের ধাওড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত বিশ্বাস উপজেলার ধাওড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আহত জিম জোয়াদ্দার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাহাত বিশ্বাস মোটরসাইকেলে বাড়ি থেকে ধাওড়া বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাহাত ও জিম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেয়ার পথে রাহাতের মৃত্যু হয়।
ধাওড়া গ্রামের বাসিন্দা মহিউদ্দিন জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটি আটকিয়ে রাখে।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ বলেন, মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



