শহীদ আবু সাঈদের পরিবার

ভিসি রাজনৈতিক কর্মসূচিতে যাননি, আমরাই দাওয়াত দিয়েছি

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে 'রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ' হিসেবে প্রচার করা হলেও শহীদ আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক বিষয় ছিল না।

তাওহীদুল হক সিয়াম, বেরোবি

Location :

Rangpur

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি অধ্যাপক ড. শওকাত আলীর আবু সাঈদের বাড়িতে উপস্থিতিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছে শহীদ পরিবারটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে 'রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ' হিসেবে প্রচার করা হলেও শহীদ আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক বিষয় ছিল না।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) আবু সাঈদের বাড়িতে কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই বিশেষ মুহূর্তে পরিবারের আমন্ত্রণে উপস্থিত ছিলেন ভিসি ড. শওকাত আলী। তবে ভিসির উপস্থিতির কয়েকটি ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।

এই বিষয়ে শহীদ আবু সাঈদের ভাইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের বাড়িতে তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারকে আমরা আমন্ত্রণ জানাই। যেহেতু তিনি আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের ভিসি, তারেক রহমান আমাদের বাড়িতে কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আসেননি। পাশাপাশি আমরাও ভিসিকে রাজনৈতিক কর্মসূচিতে আমন্ত্রণ করিনি। আবু সাঈদের কবর জিয়ারত করতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসেন। আবু সাঈদতো কোনো দলের না। তারেক রহমান এসেছেন আবু সাঈদের কবর জিয়ারত করতে।

এ ব্যাপারে বেরোবির ভিসি বলেন, আবু সাঈদের পরিবার আমাকে তাদের বাড়িতে দাওয়াত দেয়, আমি সেই দাওয়াতে অংশ নেই। কোনো রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক সমাবেশে অংশ নেয়ার উদ্দেশ্য নয়।