নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমনার (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) দিবাগত রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মৃতের স্বামী বাবুলসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
মৃতের পরিবার এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করেছে।
পুলিশ জানায়, ঘরের আঁড়ার সাথে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে স্বামী বাবুলের সাথে সংসার করছিলেন সুমনা। তাদের দাম্পত্য জীবনে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। পুলিশের প্রাথমিক ধারণা, স্বামীর সাথে অভিমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
সুমনার বাবা জমির আলী এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে জানান, তার মেয়েকে হত্যা করে ঘরের আঁড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’



