অটোচালক রফিকের ৩ হত্যাকারীকে গ্রেফতার করেছে পিবিআই

‘অটোরিকশাচালক মো: রফিক ২৪ মার্চ সন্ধ্যায় অটোরিকশা চালাতে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন। পরদিন খবর পেয়ে পুলিশ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাঁচ বড়োইল গ্রামের কালিগঙ্গা নদী থেকে তার শিরশ্ছেদ করা লাশ উদ্ধার করে।’

নয়া দিগন্ত অনলাইন
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) |সংগৃহীত

অটোরিকশাচালক মো: রফিকের তিন হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জের সুপারিনটেনডেন্ট (এসপি) জয়ীতা শিল্পী শনিবার (২৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এসপি জয়ীতা শিল্পী বলেন, জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি গ্রামের অটোরিকশাচালক মো: রফিক ২৪ মার্চ সন্ধ্যায় অটোরিকশা চালাতে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন। পরদিন খবর পেয়ে পুলিশ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাঁচ বড়োইল গ্রামের কালিগঙ্গা নদী থেকে তার শিরশ্ছেদ করা লাশ উদ্ধার করে।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ২৬ মার্চ ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর বাজার এলাকা থেকে জেলার ঘিওর উপজেলার রাঠোরা গ্রামের ৩০ বছর বয়সী রিপনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য অনুযায়ী, তার সহযোগী জেলার মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচ বড়াইল গ্রামের ২০ বছর বয়সী আরমান এবং একই গ্রামের ২৫ বছর বয়সী সজীবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে ঘটনাটি স্বীকার করেছে এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে।

পুলিশ জানায়, নিহত রফিকের বিচ্ছিন্ন মাথা এখনো উদ্ধার করা যায়নি এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সবাইকে আদালতে হাজির করা হয়েছে। বাসস