মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শ্রীনগর-দোহার আন্তঃসড়কে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে রোমান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরো দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে শ্রীনগর উপজেলার কামারগাঁও পাকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকার তোতা মিয়ার ছেলে। আহতরা হলেন— জুবায়ের (১৮), পিতা জাকির ও হাবিব (১৮), পিতা রাশেদ। তারা উভয়েই উপজেলার মধ্য বাঘড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দোহারগামী আরাম পরিবহনের একটি দ্রুতগতির বাস ঘটনাস্থলে পৌঁছে শ্রীনগরগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রোমান মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অন্য দু’জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তিনজনকেই উদ্ধার করে সিএনজি ও পিকআপযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীনগর থানার সাব ইন্সপেক্টর (এসআই) রিপন মিয়া জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



