ইসলামী ব্যাংক নিয়ে নতুন করে ষড়যন্ত্র ও ব্যাংক লুটকারী এস আলম এবং তার দোসরদের ব্যাংকিং খাতে পুনর্বাসনের চক্রান্তের প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার (২ জুন) সকালে নগরীর ডাকবাংলো মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক খুলনা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
ইসলামী ব্যাংকের গ্রাহক মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও মো. শফিউল আযমের পরিচালনায় বক্তৃতা করেন এস এম এ রব শপিং কমপ্লেক্সের সেক্রেটারি ইসলামী ব্যাংকের গ্রাহক মনজুর কাদের পাটোয়ারী, গ্রাহক গাজী হারুনুর রমীদ, মোহাম্মদ দাউদ আকুঞ্জি, প্রভাষক মো. জাহিদ হুসাইন, বেলাল জামান, আবুল খায়ের, ফিরোজ মাহমুদ, গাজী শরিফুল ইসলাম, সোহান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, তিনি পালিয়ে যাওয়া পতিত আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। তার মতো একজন ব্যক্তিকে নিয়োগ দেয়া খাল কেটে কুমির আনারই শামিল। ব্যাংকিং খাতের আড়াই লাখ কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে ধরা-ছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই ২৪-এর গণ-অভ্যুত্থানের পরে পদচ্যুত বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের এমন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার অপসারণ দাবি জানাই।
তারা বলেন, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অযোগ্য ও দলদাস গভর্নরকে অপসারণ, লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনা এবং একজন যোগ্য ও সৎ লোককে চেয়ারম্যান করে যোগ্য, মেধাবী, সৎ এবং ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে|



