ছাতক (সুনামগঞ্জ)সংবাদদাতা
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রাম এখন আতঙ্কের জনপদ। লন্ডন বিএনপি থেকে বহিষ্কৃত বিভিন্ন মামলার আসামি তাজউদ্দিন এবং তার ‘বাহিনী’র লাগামহীন তাণ্ডবে অতিষ্ঠ হয়ে দীর্ঘদিনের নীরবতা ভেঙে রাস্তায় নেমেছে গ্রামবাসী।
হামলা, নির্যাতন, মিথ্যা মামলা, এমনকি পবিত্র মসজিদের ভেতরে ঢুকে মারধরের মতো ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পাকা সড়কে অনুষ্ঠিত হয় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন। গ্রামটির শত শত যুবক–পুরুষ এতে অংশ নেন।
গ্রামবাসীর অভিযোগ—‘তাজউদ্দিন বাহিনী’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ ক্যাডার গ্রুপ বহুদিন ধরে গ্রামবাসীকে জিম্মি করে রেখেছে। রাতের অন্ধকারে তারা গুপ্ত হামলা চালায়; দিনের বেলায় দেয় প্রকাশ্যে হুমকি। গত কয়েক মাসে গ্রামে একাধিক সংঘর্ষ, হামলা, ভাঙচুর এবং মিথ্যা মামলার ঘটনাও ঘটেছে, যেগুলোর পেছনে রয়েছে তাজউদ্দিন এবং তার হাতে গোনা কিছু অনুসারী ক্যাডার ।
গ্রামবাসীরা মানববন্ধনে বলেন, বৃহম্পতিবার মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের ওপর হামলা চালানো হয়েছে, যা ইসলামের প্রতি প্রকাশ্য অবমাননা। এ ঘটনায় গ্রামে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। হামলায় ১০–১২ জন আহত হওয়ার তথ্যও মানববন্ধনে তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন—ইজাদ্দুর রহমান, সৈয়দ আলী, সিকন্দর আলী, আবদুল জব্বার, জুনাব আলী, আব্দুর রহিম, আব্দুল বারি, আব্দুর রহমান, আওয়াল শাহ, ওসমান আলী, কামাল মিয়া, আল আমিন, সমুজ আলী, তখদ্দুছ আলী, মুজিবুর রহমান, পিয়ন, তৈয়মুছ আলী, মইন উদ্দিন, আলা উদ্দিন, সেলিম আহমদসহ অনেকে।
বক্তারা বলেন—তাজউদ্দিন দীর্ঘদিন ধরে লন্ডন বিএনপির নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে আসছে। তার বাহিনীর সন্ত্রাসের কারণে গ্রামে শান্তির লেশমাত্র নেই। আমরা শান্তিপ্রিয় মানুষ; কিন্তু এই সন্ত্রাসীদের কারণে পুরো গ্রাম অস্থিতিশীল হয়ে গেছে।



