কক্সবাজারে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের এ অংশে দীর্ঘদিন ধরে দ্রুতগতির যানবাহন চলাচল এবং বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা মহাসড়কে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, গতি নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Cox's Bazar
লাশ উদ্ধার করা হচ্ছে
লাশ উদ্ধার করা হচ্ছে |নয়া দিগন্ত

কক্সবাজারের রামু উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে উপজেলার মধ্যম খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উখিয়া উপজেলার হরিণমরা এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৪০) ও রুবিনা বেগম (৪২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যান এবং আরো তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের এ অংশে দীর্ঘদিন ধরে দ্রুতগতির যানবাহন চলাচল এবং বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা মহাসড়কে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, গতি নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।