চরমোনাই পীর সাহেব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির আল্লামা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমরা এমপি বা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেন না, দেশ, ইসলাম ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনার পাথরঘাটা কেএম মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বরগুনা-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মিজানুল রহমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বরগুনা জেলা সভাপতি ও বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা অলিউল্লাহ, বরগুনার ভাওয়ালকারের পীর আবদুল কাদের, বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর সাকুর, ইসলামী আলোচক মুফতি হাবিবুর রহমান মেজবাহ প্রমুখ।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি থাকে না। আমরা ব্যক্তিগত স্বার্থে নয়, আল্লাহর সন্তুষ্টি, দেশপ্রেম ও মানুষের সেবার জন্য রাজনীতি করি। দেশে ন্যায়বিচার, নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি বলেন, ‘স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের হাত ধরেই বাংলাদেশ দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এরই পরিণতিতে বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত বেগমপাড়া।’
তিনি আরো বলেন, ‘জোট থেকে বেরিয়ে আসার পর অনেকেই ভেবেছিল চরমোনাই একা হয়ে পড়েছে। বাস্তবে ইসলামী আন্দোলন এখন আরো সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষ হাতপাখা মার্কায় ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ১২ ফেব্রুয়ারি হাতপাখা মার্কার বিজয় হবে বলেও তিনি আশাবাদী।



