মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। তাদের একজন ধান কাটতে গিয়ে ও আরেকজন রাবার বাগানে কাজের সময় দুর্ঘটনার শিকার হন।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন তালেব মিয়া (৪০)। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। বজ্রপাতের আঘাতে তার বুক ঝলসে গেছে।
নিহত তালেব মিয়া রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।
মৃত্যুর বিষয়টি ঘটনাস্থল থেকে নিশ্চিত করেছেন রাজনগর থানার এসআই প্রদ্যোৎ রায়।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে দুপুরে কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা বাগানের রাবার বাগান সেকশনে কাজ করতে গিয়ে বজ্রপাতে স্বপন মুন্ডা (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত স্বপন মুন্ডা ওই উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।
রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।



