পিরোজপুরের কাউখালীতে পোস্ট অফিসের নতুন ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভবনটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত আট বছর ধরে ভাড়া ভবনের ছোট দু’টি কক্ষে চলছে কার্যক্রম। কবে নাগাদ নির্মাণকাজ শেষ হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান ও ডাক বিভাগের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা লক্ষ্য করা গেছে।
জানা গেছে, উপজেলা পোস্ট অফিসের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করার পর ২০১৮ সালের ১ জুন থেকে ভাড়া নেয়া ছোট দু’টি কক্ষে কোনোমতে পোস্ট অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। দীর্ঘ আট বছর ধরে সংকীর্ণ জায়গায় অফিস পরিচালনা করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। গুরুত্বপূর্ণ আসবাবপত্র, নথিপত্র ও ফাইলপত্র সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ফলে অবহেলা ও অযত্নে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আধুনিক ও নিজস্ব ভবন না থাকায় উপজেলার ডাক সেবার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সংরক্ষণেও ঝুঁকি তৈরি হয়েছে।
ডাক বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদার প্রতিষ্ঠান ভবনের গ্রেড বিম ও কলামের ঢালাই কাজ সম্পন্ন করার পর থেকে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এতে ভবন নির্মাণ সম্পন্ন হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো: জালাল হোসেন বলেন, ‘ডিপার্টমেন্টের কিছু জটিলতার কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। সমস্যার সমাধান হলে দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে।’
কাউখালী উপজেলা পোস্টমাস্টার মো: পারভেজ হাওলাদার বলেন, ‘দীর্ঘদিন ধরে ভাড়া করা ছোট দু’টি কক্ষে অফিস পরিচালনা করতে গিয়ে আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রয়োজনীয় জায়গার অভাবে গুরুত্বপূর্ণ নথিপত্র ও অফিস সরঞ্জাম সঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না। নতুন ভবনের কাজ দ্রুত সম্পন্ন হলে সেবার মান আরো উন্নত হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশও ভালো হবে।’
বরিশাল অঞ্চলের ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট মো: মোশারফ হোসেন বলেন, ‘নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি আমরা অবগত আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।’
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামান বলেন, ‘পোস্ট অফিস একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে কার্যক্রম পরিচালিত হওয়া দুঃখজনক। সংশ্লিষ্ট বিভাগ দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে ভবনটি সম্পন্ন করবে বলে আশা করছি। এতে সাধারণ জনগণ আরো উন্নত ও মানসম্মত ডাক-সেবা পাবে।’



