ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার কানে অনেক রকম খবর আসছে। মাঠে কালো টাকা ছড়ানো হয়েছে। বিভিন্ন ভোটারের বাড়ি বাড়ি গিয়ে টাকা, উপহার দেয়া হচ্ছে। আমার অনুরোধ থাকবে, টাকাও নেবেন, উপহারটাও নেবেন, কিন্তু ভোটটা দেবেন হাঁস মার্কায়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় রুমিন ফারহানা আরো বলেন, যারা টাকা দিয়ে ভোট কেনে, তারা ওই টাকা আপনার পকেট থেকে মেরে খাবে। যারা আপনার দরজায় আজকে উপহার নিয়ে আসছে, নির্বাচিত হওয়ার পর তাদেরকে খুঁজেও পাবেন না। সেই জন্য আমার অনুরোধ থাকবে, তারা যেহেতু পাপের টাকা ছড়াচ্ছে, ছড়াইতে দেন। টাকা দিলে টাকা নেবেন কিন্তু ভোটটা কোনো বাটপারকে দেবেন না।
তিনি বলেন, হাঁস মার্কা আপনার এলাকার সন্তানের মার্কা। হাঁস মার্কা আপনাদের কারো বোন, কারো ভাতিজির মার্কা। হাঁস মার্কা আগামীতে সরাইল-আশুগঞ্জকে উন্নয়নের রোল মডেল করার মার্কা। হাঁস মার্কা আপনাদের সরাইল-আশুগঞ্জে চিরতরে চাঁদাবাজি, ধান্দাবাজি, মামলাবাজি, ব্যবসা দখল, জমি দখল, অবৈধ বালুর ব্যবসা, মাটির ব্যবসা বন্ধ করার মার্কা।
তিনি আরো বলেন, আমি কোনো দলের প্রার্থী না, আমি আপনাদের প্রার্থী। আমি কোনো দল চিনি না, দলের লোক চিনি না। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ অন্য আরো যে রাজনৈতিক দলই হোক, যেইটা ইনসাফ, যেইটা ন্যায্য, যেইটা আইনত, আমি এমপি হলে সেইটাই করব। বিনা অপরাধে কারো নামে যদি মামলা থাকে, জামিন করানো, মামলা থেকে নাম বাদ দেয়া- এটাও আমার দায়িত্ব হবে।



