নওগাঁর আত্রাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাহানারা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) বেলা অনুমানিক সাড়ে ১১টার দিকে নওগাঁ-নাটোর মহাসড়কের সাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই বৃদ্ধা কবিরাজ দেখানোর উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে রওনা হন। পথিমধ্যে নওগাঁ-নাটোর মহাসড়কের রানীনগর সংলগ্ন গোনা ব্রিজ পার হয়ে সাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোটির সংঘর্ষ হয়। এতে ওই বৃদ্ধা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডিউটিরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



