উৎসবমুখর পরিবেশে নীলফামারী সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে কলেজের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির নীলফামারী সরকারি কলেজ শাখা।
ইসলামী ছাত্রশিবির নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি মুসা ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর মুহাম্মদ আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মো: সেলিমুদ্দিন ও সেক্রেটারি সিরাজুল ইসলাম সোহাগ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী সরকারি কলেজ শাখার সেক্রেটারি শওকত স্বপন।
প্রধান অতিথি নূর মুহাম্মদ আবু তাহের বলেন, ‘জীবন গঠনের এই পাঁচ বছর পরম মূল্যবান। এই সময়ে অনাকাঙ্ক্ষিত মোহ ও লক্ষ্যভ্রষ্ট চিন্তা ত্যাগ করে শুধুমাত্র পড়াশোনা ও চরিত্র গঠনে আত্মনিয়োগ করতে হবে। বর্তমান যুগে স্মার্টফোন যেমন জ্ঞানের দুয়ার খুলে দিয়েছে, তেমনি অপব্যবহারে ধ্বংস করতে পারে সম্ভাবনাকে। তাই স্মার্টফোনের আসক্তি এড়িয়ে এর ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, বরং নীতি-নৈতিকতায় বলীয়ান হয়ে একজন আদর্শ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বিভিন্ন উপহারসামগ্রী দেয়া হয়।



