নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি মো: সাখাওয়াত হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়অ ১টার দিকে রায়পুরা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে খলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাখাওয়াত হোসেন স্থানীয় সিরাজ মিয়ার (ওরফে সিরাজ মিলিটারি) ছেলে। সাখাওয়াত নরসিংদী সদর থানার একটি হত্যা মামলাসহ রায়পুরা থানার একাধিক মামলার আসামি এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল।
এর আগে প্রায় চার মাস আগে তার ছোট ভাই তৈয়ব (২৩), যিনি হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ ১৩টি মামলার আসামি হিসেবে পরিচিত, তাকে খলাপাড়া এলাকা থেকে একটি পিস্তলসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, এলাকার ডিস ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাখাওয়াত ও তার সহযোগীরা এর আগে তাদেরই সহযোগী রিজভী (২৮) নামে এক যুবককে নরসিংদীর ব্রাহ্মন্দী এলাকায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
সাখাওয়াতের গ্রেফতারে আমিরগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের আশা, তার গ্রেফতারের ফলে এলাকায় মাদক কারবারি ও সন্ত্রাসী কার্যক্রম অনেকটাই কমে আসবে। একইসাথে তারা বাকি তালিকাভুক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য রায়পুরা থানা ও নরসিংদী জেলা পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।



