কুমিল্লার চান্দিনায় লড়ির চাপায় ইবনে তাইম (১৪) নামে এক ছাত্র নিহত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাইম চান্দিনা উপজেলা সদরের রারিরচর গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে চান্দিনা উপজেলা বড়গোবিন্দপুর আলী মিঞা ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনার বড়গোবিন্দপুর আলী মিঞা ভূইয়া উচ্চ বিদ্যালয়টি মহাসড়কের পাশে অবস্থিত। তাইম সকালে বাড়ি থেকে বের হয়ে প্রতিদিনের মতো মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকা থেকে মারুতিতে (ভটভটি) উঠতে যায়। এ সময় চট্টগ্রামমুখী একটি লড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন ঘটনাটি নিশ্চিত করেন।


