কুমিল্লার লাকসামে ট্রাকচাপায় দুই বোন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উত্তরদা ইউনিয়নের কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মরহুম মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) ও তার বড় বোন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মরহুম আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের খিলা উত্তর বাজার এলাকায় সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন জাহানারা বেগম ও আনোয়ারা বেগম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বোন ঘটনাস্থলেই মারা যান।
ওসি সরকার আবদুল্লাহ আল মামুন জানান, দ্রুতগতির ট্রাকের চাপায় দুই বোন নিহত হয়েছেন। ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে, তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।



