কক্সবাজারের ঈদগাঁওতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির ৩ কর্মীকে আটক করেছে সেনা বাহিনী।
বুধবার ( ১১ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন করে ধানের শীষ প্রতীকের ব্যানার লাগানোর সময় তাদেরকে আটক করে সেনাবাহিনীর টহল টিম।
স্থানীয়রা জানায়, ওই ভোট কেন্দ্রে ব্যানার লাগানোর সময় স্থানীয় জিয়াউল হক, সাজ্জাদ হোসেন ও আরফাত হোসেনকে সেনা সদস্যরা আটক করে ঈদগাঁও থানায় সোপর্দ করেন। আটককৃতরা বিএনপি কমী বলে জানা গেছে ।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ এর আওতাধীন সংক্ষিপ্ত বিচার আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও জেলা লিগ্যাল এইড অফিসার অভিজিত চৌধুরী দৈনিক নয়া দিগন্তকে বলেন, অভিযুক্তরা স্বেচ্ছায় দোষ স্বীকার করায় তাদেরকে লঘুদণ্ড হিসেবে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ব্যবহৃত ব্যানারগুলো জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির বলেন, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সচেষ্ট রয়েছে।



