সিলেট নগরীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া আরো ৪৪টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
রোববার (২৬ জুলাই) সকালে এসএমপি সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইলফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
এনিয়ে গত ২২ ফেব্রুয়ারি পুলিশ কমিশনারের উদ্যোগে গঠিত এসএমপির ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও জিনিয়া টিম (GenieA Team) তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় পাঁচ মাসে মোট ২৭৪টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
এসএমপি সূত্র জানিয়েছে, মহানগরের ছয়টি থানায় হারিয়ে যাওয়া মোবাইলফোন সংক্রান্ত ৫৭০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে সর্বশেষ ৪৪টি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। জিডিতে দেয়া তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও জিনিয়া টিম ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়।
হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে অনেক গ্রাহক আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিনের অপেক্ষার পর প্রিয় মোবাইল ফিরে পেয়ে তারা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ।
এ সময় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ব্যবহৃত মোবাইলফোন বা অন্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনা-বেচায় সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, পুরনো ডিভাইস কেনার আগে বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করতে হবে, রসিদ সংরক্ষণ করতে হবে এবং ডিভাইসের বক্সে থাকা আইএমইআই (IMEI) নম্বরের সাথে সেটের আইএমইআই নম্বর মিলিয়ে দেখতে হবে। এছাড়া রাস্তাঘাটে, অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মে অস্বাভাবিক কম দামে মোবাইলফোন কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। কারণ এ ধরনের ডিভাইস চোরাই বা অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা থাকে।
তিনি আরো বলেন, প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এবং নাগরিকদের সেবা দিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি গঠিত বিশেষ মোবাইলফোন উদ্ধার টিমের মাধ্যমে মাত্র পাঁচ মাসে ২৭৪টি মোবাইলফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।



