গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সঙ্কট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মো: মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরের সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, এনসিপি নেতা মাছুমুল বারী কাউছার প্রমুখ।
সমাবেশ শেষে কুমিল্লা টাউন হল মাঠ থেকে গণমিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘দেশের চলমান জ্বালানি সঙ্কট ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের দাবি জানাচ্ছি।’
বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে কুমিল্লা মহানগর ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।



