সুনামগঞ্জের তাহিরপুরের রক্তি নদীতে নিখোঁজের ৩ ঘণ্টা পর রাকিবুল হোসেন (২৬) নামে এক নৌকার কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজারের নৌকাঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, দুপুর ২টার দিকে একই স্থানে পানিতে পড়ে নিখোঁজ হন রাকিবুল।
নিহত রাকিবুল হোসেন মুন্সিগঞ্জ জেলা লৌহজং থানায় বালিগা গ্রামের দিল মোহাম্মদের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও নৌকায় থাকা লোকজন জানান, একটি পর্যটনবাহী হাউজবোড তৈরি করছিল নৌকা শ্রমিকরা। রাকিবুল হাউজ বোডটির কাঠের কাজ করছিলেন। হঠাৎ করে তিনি নদীতে পড়ে যান এবং নিখোঁজ হন। পরে খবর পেয়ে তাহিরপুর সার্কেলের পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে রাকিবুলের লাশ উদ্ধার করে।
বিএনপি নেতা জয়নাল আহমেদ জানান, হাউজবোডে কাঠের কাজ করা অবস্থায় রক্তি নদীতে পড়ে রাকিব নামে একজন নিখোঁজ হয়। পরে আমি ফায়ার সার্ভিসকে ফোন দেই। তাহিরপুরে ডুবুরি না থাকায় সুনামগঞ্জ থেকে ডুবুরি দল এসেছে, তাই উদ্ধারকাজ দেরি হয়েছে। ডুবুরি দল এসে নিখোঁজ কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করে।
পুলিশ সদস্য প্রয়ন দে জানান, খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে। তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সুনামগঞ্জ ডুবুরি দলের টিম লিডার মো: কবির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে।
এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল নিহতের লাশ দেখতে আসেন। তিনি নিহতের ভাইকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।



