খুলনা মহানগরীতে শনিবার (৪ জুলাই) বিকেলে ১১ দলীয় জোটের উদ্যোগে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
খুলনা নিউ মার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি সময় থাকতে সহজে মেনে নেয়নি। অনেক রক্তের হয়েছিল। আজও বিএনপি সময় থাকতে সহজে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বাধ্য করা হবে। রাজপথের আন্দোলন সরকারের জন্য সুফল আনে না।’
তিনি বলেন, ‘আমাদেরকে জেল-জুলুম, অত্যাচারের ভয় দেখাবেন না। এসব পার করে আমরা আজ এখানে এসেছি। যদি দেশ ভালো চালাতে চান তবে সময় থাকতে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন।’
১১ দলীয় ঐক্যের খুলনার সমম্বয়কারী অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় সমাবশে বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টির খুলনা মহানগর সংগঠক আহম্মদ হামীম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান, খেলাফত মজলিসের মহানগরী সভাপতি এফ এম হারুন অর রশীদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহানগর সভাপতি মুফতি আব্দুল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির মহানগর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের খুলনা জেলা সহ-সভাপতি মো: সাকিবুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী প্রমুখ।



