মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইতে বিএনপির উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ সব অপকর্মের বিরুদ্ধে সুধী সমাবেশ এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) উপজেলার বারইয়ারহাট পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘সন্ত্রাসী-চাঁদাবাজ যত বড় হোক কোনো ছাড় নেই। কেউ অপরাধের সাড়ে জড়িত থাকলে সাথে সাথে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা মাদকের সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদের কারণে পরিবার ও সমাজে অশান্তি দেখা দিচ্ছে। তাই অপকর্মমুক্ত সুন্দর মিরসরাই বিনির্মাণে সবার সহযোগিতা প্রয়োজন।’
সমাবেশে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, বর্তমান আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মিরসরাই পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মামুনসহ দলীয় নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


